সিংগাইরে পরকীয়ার জেরে গৃহবধূর আত্মহত্যা
মানিকগঞ্জের সিংগাইরে পরকীয়ার জেরে পুতুল নামে এক গৃহবধূ শরীরে আগুন দিয়ে আত্মহত্যা করেছেন। ওই ঘটনায় তার দুই বছরের মেয়ে আনহা ও এক প্রতিবেশী দগ্ধ হয়েছেন।
সোমবার ভোরে ওই উপজেলার ধল্লা ইউপির ফোর্ডনগর খানপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত পুতুল একই এলাকার মোহাম্মদ আলীর ছেলে।
মোহাম্মদ আলী জানান, স্বামী সুমন ও মেয়ে আনহাকে নিয়ে রাজধানীর কল্যাণপুর পোড়াবস্তিতে থাকতেন পুতুল। সেখানে পাশের বাসার গাড়িচালক পিন্টুর সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এ নিয়ে পিন্টু ও পুতুলের পরিবারের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হলে সিংগাইরের ফোর্ডনগরে চলে যান পুতুল। সেখানেও পুতুলকে উত্যক্ত করতে থাকেন পিন্টু। এতে মানসিকভাবে ভেঙে পড়ে সোমবার ভোরে নিজ ঘরে শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন।
.png)
মোহাম্মদ আলী আরো জানান, ওই সময় পুতুলের মেয়ে আনহা তার উপর ঝাঁপিয়ে পড়লে সেও দগ্ধ হয়। আর তাকে বাঁচাতে গিয়ে দগ্ধ হন প্রতিবেশী রহিমা আক্তার।
সিংগাইর থানার ওসি আব্দুস সাত্তার মিয়া জানান, দগ্ধদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।