ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

নিখোঁজ স্বামীর খোঁজ মিলল বেওয়ারিশ কবরস্থানে 

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ২০:০২, ৯ আগস্ট ২০২২
নিখোঁজ স্বামীর খোঁজ মিলল বেওয়ারিশ কবরস্থানে 
ছবি: সংগৃহীত

হবিগঞ্জ থেকে ৬ মাস আগে নিখোঁজ হন মুখলেছ মিয়া নামে এক ব্যক্তি। সোমবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া বেওয়ারিশ কবরস্থান মেড্ডায় তার সন্ধান পেয়েছেন পরিবার।

মুখলেছ মিয়া হবিগঞ্জের আজমেরীগঞ্জ উপজেলার কাকাইলছেও ইউপির কন্যাজুরি গ্রামের নরজাকান্দা এলাকার মৃত উম্বর আলীর ছেলে।  

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে ফাঁড়ি পুলিশ ও ব্রাহ্মণবাড়িয়া বাতিঘরের বেওয়ারিশ লাশের কবরস্থান মেড্ডায় গিয়ে মুখলেছের কবর দেখে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। 
রোববার মুখলেছের মরদেহ বেওয়ারিশ হিসেবে দাফন করে ব্রাহ্মণবাড়িয়া বাতিঘর।

সোমবার দুপুরে মুখলেছের স্ত্রী আছিয়া খাতুন তার মেয়ে ইয়াসমিন ও ছোটভাই জুলহাসকে নিয়ে ওই কবরস্থানে গিয়ে মুখলেছের কবরটি দেখে যান ও জিয়ারত করেন। স্বামীর পরিচয় শনাক্ত ও সুন্দরভাবে দাফন কাজ সম্পন্ন করায় ব্রাহ্মণবাড়িয়া বাতিঘরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান আছিয়া খাতুন।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ি ইনচার্জ সালাউদ্দিন খাঁন নোমান জানান, শুক্রবার রাতে আশুগঞ্জ রেলস্টেশন থেকে অজ্ঞাত পরিচয়ে মুখলেছের মরদেহ উদ্ধার করা হয়। পরিচয় না পাওয়ায় মরদেহের ছবি তুলে ব্রাহ্মণবাড়িয়া বাতিঘরের সদস্যরা দাফন করেন। সোমবার অজ্ঞাত মরদেহের পরিবারের সদস্যরা এসে ছবি দেখে সেটি মুখলেছের বলে শনাক্ত করেন।  

মুখলেছের স্ত্রী আছিয়া খাতুন বলেন, পাশের গ্রামের এক ব্যক্তি জানান আশুগঞ্জে একটি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এই খবরে আশুগঞ্জে প্রথমে আসি। সেখানে গিয়ে জানতে পারি, মরদেহটি ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়িতে নিয়ে গেছে। ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ সদস্যরা উদ্ধার করা মরদেহের ছবি দেখালে তখন স্বামীকে চিনতে পারি। আমার ভাগ্য খারাপ, মৃত্যুর সময়ও স্বামীর মুখটি দেখতে পারিনি।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!