ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

ঘরে স্ত্রীর লাশ রেখে পালালেন স্বামী

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১১:৩৬, ১৫ জানুয়ারি ২০২২
ঘরে স্ত্রীর লাশ রেখে পালালেন স্বামী
ফাইল ছবি

কক্সবাজারের পেকুয়ায় যৌতুক না দেওয়ায় এক তরুণীকে বালিশ চাপা দিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন নিহতের স্বামী ও শ্বশুর-শাশুড়ি।

শুক্রবার দুপুরে উপজেলার উজানটিয়া ইউনিয়নের পশ্চিম উজানটিয়া পাড়া এলাকা থেকে ওই তরুণীর মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহতের নাম হুরে জন্নাত। ১৮ বছর বয়সী জান্নাত উপজেলার উজানটিয়া ইউনিয়নের পশ্চিম উজানটিয়াপাড়া এলাকার মো. রিফাতের স্ত্রী। তিনি পেকুয়া সদর ইউনিয়নের মছিন্যাকাটা ৭ নম্বর ওয়ার্ডের মৌলভী আবু বক্করের মেয়ে।

নিহতের বাবা মৌলভী আবু বক্কর বলেন, দেড় বছর আগে আমার মেয়ের সঙ্গে রিফাতের বিয়ে হয়। তার ঘরে পাঁচ মাস বয়সী মেয়ে রয়েছে। বিয়ের পর থেকে যৌতুকের জন্য জান্নাতকে মারধর করতেন স্বামী রিফাত। সন্তান-সংসারের কথা চিন্তা করে এ নিয়ে বেশ কয়েকবার মেয়ের শ্বশুড়বাড়িতে স্থানীয়ভাবে সালিশ হয়েছে। কিন্তু তাদের চাহিদা মতো যৌতুক দিতে না পারায় আমার মেয়ের ওপর নির্যাতন বন্ধ হয়নি। বৃহস্পতিবার রাতে আমার মেয়েকে আবারো মারধর করেন স্বামী রিফাত ও তার পরিবারের সদস্যরা। মারধরের একপর্যায়ে বালিশ চাপা দিয়ে মেয়েকে হত্যা করা হয়। পরে লাশ ঘরে রেখে সবাই পালিয়ে যান।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুহাম্মদ আলী বলেন, খবর পেয়ে হুরে জান্নাতের মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের শরীরে আঘাতের একাধিক চিহ্ন পাওয়া গেছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআর/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!