নিখোঁজের ৫৬ দিন পর ডোবায় মিললো যুবকের কঙ্কাল
চুয়াডাঙ্গায় নিখোঁজের ৫৬ দিন পর গ্রামের একটি ডোবা থেকে এক যুবকের কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে আলমডাঙ্গা উপজেলার খাদিমপুর গ্রামের একটি পুকুরের কচুরিপানার নিচ থেকে এ কঙ্কাল উদ্ধার করা হয়।
জানা গেছে, নিহত যুবকের নাম আলমগীর হোসেন। তিনি আলমডাঙ্গা উপজেলার খাদিমপুর গ্রামের কাতব আলি বিশ্বাসের ছেলে। সে পেশায় একজন কৃষি শ্রমিক ছিলো।
নিহতের পরিবারের লোকজন কঙ্কালের সাথে উদ্ধার করা পোশাক দেখে সেগুলো শনাক্ত করে। পুলিশ কঙ্কাল ও মাথার খুলি চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
ঘটনা সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে গ্রামের লোকজন মাছ ধরার জন্য উজ্জল মোল্লার পুকুর থেকে কচুরিপানা পরিষ্কার করছিল। এ সময় একজনের হাতে আলমগীর পায়ের অংশ উঠে আসে। পরে নিহতের পরিবার আলমগীরের পরনের প্যান্ট দেখে সনাক্ত করে। পরে বিষয়টি গ্রামে জানাজানি হলে পুলিশকে খবর দেয়। আলমডাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে এসে শুক্রবার দুপুরে নিহতের কঙ্কাল উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
নিহতের পিতা কাতব আলী জানান, গত অক্টোবর মাসের ১০ তারিখ থেকে ছেলে আলমগীর হোসেন নিখোঁজ ছিল। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পরও কোথাও সন্ধান পায়নি। পরে একই মাসের ২১ তারিখে আলমডাঙ্গা থানায় একটি সাধারণ ডায়েরি করেন কাতব আলী।
নিহতের পরিবারের অভিযোগ, তার বন্ধু একই গ্রামের শিপন আলী টাকার জন্য তাকে হত্যা করে লাশ গুম করে রাখে।
আলমডাঙ্গা থানার ওসি আলমগীর কবির জানান, নিহতের পরিচয় ও মৃত্যুর কারণ নিশ্চিত হতে ডিএনএ পরীক্ষার উদ্যোগ নেয়া হয়েছে।