পরিত্যক্ত টয়লেটে পড়েছিল যুবকের চোখ উপড়ানো-রগ কাটা লাশ
ফেনীতে পরিত্যক্ত টয়লেটের পেছন থেকে এক যুবকের চোখ উপড়ানো ও রগ কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার দুপুরে সদর উপজেলার কাজীরবাগ ইউপির পূর্ব রুহিতিয়া গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত সালমান হোসেন শিপন ওই গ্রামের শহিদুল ইসলাম মনু মিয়ার ছেলে। তিনি ঢাকায় স্যানিটারি মিস্ত্রি হিসেবে কাজ করতেন। শুক্রবার তিনি বাড়িতে আসেন বলে জানিয়েছেন স্বজনরা।
স্থানীয়রা জানায়, রোববার সকালে পূর্ব রুহিতিয়া গ্রামের পরিত্যক্ত একটি টয়লেটের পেছনে শিপনের লাশ দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ লাশটি উদ্ধার করে ফেনী জেনারেল হাসাপাতাল মর্গে পাঠায়।
সদর মডেল থানার ওসি মো. আলমগীর জানান, নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তার দুই হাতের রগ কাটা ছিল। এছাড়া বাম চোখ ছিল উপড়ানো। তার পুরষাঙ্গেও আঘাতের চিহ্ন রয়েছে। তার মৃত্যুর কারণ এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না।
নিহতের পরিবারের দাবি, দুই বছর ধরে একই গ্রামের পাটোয়ারী বাড়ির আবুল হাসেমের মেয়ে সুমির সঙ্গে প্রেম ছিল শিপনের। শনিবার রাতে শিপনকে ফোন করে ডেকে নিয়ে যান সুমি। পরে বাড়ি না ফেরায় বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান মেলেনি। রোববার সকালে শিপনের লাশ পাওয়া যায়।